এখনো খোঁজ মেলেনি পরিকল্পনামন্ত্রীর মোবাইলের

২ জুন, ২০২১ ২০:২৬  
মোবাইল খোয়া যাওয়ার ৬০ ঘন্টা পরেও খোঁজ মেলেনি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া আইফোন। তবে পুলিশ জানিয়েছে, মন্ত্রীর ফোন উদ্ধারে সব পর্যায়ে চেষ্টা চলছে। মঙ্গলবার পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি উল্লেখ করেন। ফোন ছিনতাই ঘটনায় কাফরুল থানায় প্রথমে জিডি ও পরে মামলা করা হয়েছে। তবে এখনো ফোনটি সনাক্ত করাও সম্ভব হয়নি বলে জানিয়েছেন মিরপুর বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মাহবুবুর রহমান। ফোন উদ্ধারের অগ্রগতি জানতে বুধবার বিকেলে কাফরুল থানায় যোগাযোগ করা হলে সেখানকার দায়িত্বরত কর্মকর্তা জানান, এখনো মন্ত্রীর ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি, চলছে চেষ্টা।